দ্বীপজেলা ভোলায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস ভোলার ঘরে ঘরে সরবরাহের দাবিতে আন্দোলনে নেমেছেন জেলাবাসী। গতকাল মঙ্গলবার সকালে ‘ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির’ ব্যানারে শহরে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কর্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
অবস্থান কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ভোলায় বিপুল প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে। সম্প্রতি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য ভোলার গ্যাস জেলার বাইরে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আন্দোলনকারীদের দাবি এই গ্যাস দিয়ে ভোলায় বড় বড় শিল্পকারখানা গড়ে তোলা হোক। পাশাপাশি ভোলায় আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হোক। গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য ভোলার প্রতিটি ঘরে গ্যাস সরবরাহ করার পর জেলার বাইরে গ্যাস সরবরাহ করার দাবি জানান তারা।
ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশে্বর উল্লাহ চৌধুরী ছাড়াও কমিটির অন্যান্য সদস্য ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৪ সালে ভোলা জেলা শহরে নামমাত্র কিছু বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে আরও কিছু সংযোগ দেওয়ার প্রস্তুতি নিলেও আর দেওয়া হয়নি।
