ইউক্রেনের শস্য রপ্তানিতে বাধা, অনাহারে মানুষের মৃত্যুর শঙ্কা জাতিসংঘের

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:৫০ পিএম

শস্য চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর শুক্রবার টানা চতুর্থ দিনের মত কৃষ্ণ সাগরে ইউক্রেনের খাদ্য বহনকারী জাহাজগুলোকে জব্দ করেছে রাশিয়া। এতে করে বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েকদিন ধরেই বাড়তে শুরু করেছে শস্যের দাম।

আর এই বিশ্বব্যাপী খাদ্য সংকট এবং মূল্যবৃদ্ধির কারণে বিশ্বের লাখ লাখ মানুষকে ক্ষুধার্ত থাকতে হবে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ।

স্থানীয় সময় গতকাল শুক্রবার জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস এ সতর্ক বার্তা দেন বলে জানায় বার্তাসংস্থা রয়টার্স। নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি বলেন, “ শস্যের দাম বৃদ্ধির কারণে অনাহার ও দুর্ভিক্ষের ঝুঁকিতে দরিদ্র দেশগুলোর লাখ লাখ মানুষ। এই সিদ্ধান্তের ফলে অনেকেই ক্ষুধার্ত থাকবে এবং অনেকে মারা যেতে পারে।"

এই চুক্তির কারণে গত বছরের মার্চ থেকে বিশ্বব্যাপী খাদ্যের দাম ২৩ শতাংশের বেশি কমে দরিদ্র দেশগুলোর উপকার করেছে বলে জানায় জাতিসংঘ।

কৃষ্ণ সাগর দিয়ে নিরাপদে শস্য রপ্তানিতে গতবছর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে চুক্তি হয়। এরপর একাধিকবার মেয়াদ বাড়ালেও গেলো সপ্তাহে শর্ত না মানার অভিযোগে বেঁকে বসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গেল সোমবার চুক্তিটি থেকে বেরিয়ে যায় রাশিয়া।

সেসময় পুতিন দাবি জানান, বিশ্ববাজারে রাশিয়ার কৃষিপণ্য পৌঁছানোতে বাধা তৈরি করছে পশ্চিমারা। দাবি মেনে নিলে এবং সেগুলো কার্যকর করলেই শস্যচুক্তিতে ফিরে আসবেন বলে জানান পুতিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত