বসতঘর থেকে ২ নারীর গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ২২ জুলাই ২০২৩, ১১:২৯ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বসতঘর থেকে দুই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরের দিকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।

বাগেরহাটের মোরেলগঞ্জে নিহত আম্বিয়া বেগম (৪৫) উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিসমত জামুয়া গ্রামের প্রয়াত সেকেন্দার আলীর স্ত্রী। গতকাল বেলা ১২টার দিকে ওই গ্রাম থেকে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে। গত শুক্রবার রাতের কোনো এক সময় এ হত্যাকা- ঘটে থাকতে পারে পুলিশের ধারণা।

মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান আহমেদ বলেন, ওই বাড়িতে আম্বিয়া বেগম একাই বসবাস করতেন। তার একমাত্র ছেলে ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করে। ঘরের দরজা খোলা ছিল এবং ঘরের পেছনে সিঁধকাটা। ঘরের ভেতরে আম্বিয়া বেগমের গলাকাটা মরদেহ পড়ে ছিল। চোরের দল চুরি করতে এসে তাদের চিনে ফেলায় অথবা ওই নারীর পরিচিতজনরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করল কি না তা এখনই বলা যাচ্ছে না। পুলিশ তদন্ত শুরু করেছে।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিজ বসতঘর থেকে আসমা (২৭) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে উজানচর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত আসমা ওই গ্রামের প্রবাসী ইয়াছিন মিয়ার স্ত্রী। এ ঘটনায় শ্বশুর ও দেবরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, গৃহবধূ আসমা সকাল ১০টায় তার শ্বশুরকে পানি দিয়ে নিজ বসতঘরে যায়। এর কিছুক্ষণ পর তার ৪ বছরের শিশু মেয়ে মাদ্রাসা থেকে এসে ঘরে মায়ের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত