শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ৯তলা থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আরিফুল ইসলাম নামের এই শ্রমিকের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) ভবন থেকে পড়ে আহত হন তিনি। তিনি চোখে ও মাথায় আঘাত পান। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শ্রমিকের পরিবারের সঙ্গে কথা বলেছে। আইনানুগ প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এস এ বি ই এল অ্যান্ড বি বি এল (জেভী) এর সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ওয়ার্কশপে কাজ করতে গিয়ে ৩ তলা থেকে পড়ে গুরুতর আহত হন নাঈম আহমেদ (১৯) নামে এক শ্রমিক। হাসপাতালে ভর্তির ২দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার ছয় মাস না যেতেই ৯ তলা ভবন থেকে পড়ে আরেক শ্রমিকের মৃত্যু হলো।
