আগামী সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদকে নৌকার প্রার্থী হিসেবে চান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা। গতকাল শনিবার সকাল ১০টায় কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ প্রতিনিধি সভায় এ মত দেন তারা।
সভায় প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. খোকন, এ গফুর, শেখ বাদল, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেনসহ ঢাকা-২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ মডেল থানা, কামরাঙ্গীরচর, সাভারের তেতুল ঝড়া, আমিনবাজার ও ভাকুর্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় তৃণমূলের নেতাকর্মীরা বলেন, ঢাকা-২ আসনের তৃণমূলের নেতাকর্মীরা শাহীন আহমেদকে যেকোনো সময় কাছে পায়। আমরা তৃণমূলের সব বিষয়ে শাহীন আহমেদের কাছে যেতে পারি। আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন, তৃণমূল যার নৌকা তার। ঢাকা-২ আসনের তৃণমূল শাহীন আহমেদের। তাই আমরা নেত্রীর কাছে দাবি জানাই, আগামী নির্বাচনে ঢাকা-২ আসনে নৌকার মনোনয়ন যেন তাকে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, ‘আপনারা সবাই জানেন, তৃণমূলের নেতাকর্মীদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি ২০১৮ সালের জাতীয় নির্বাচন করতে চেয়েছিলাম। তখন আমাদের নেত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে বলেছিলেন, শাহীন তুমি এবার নির্বাচন করো না, আমি তোমার বিষয়টা আগামীবার দেখব। আমি নেত্রীর কথা অনুযায়ী নির্বাচন করিনি। আবারও নির্বাচন এসেছে, এবার নেত্রী আমাকে ঢাকা-২ আসনে নৌকা দেবে এবং আমি নেত্রীকে নৌকার জয় এনে দেব ইনশাল্লাহ।’
