বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান চীন সফর শেষে রবিবার (২৩ জুলাই) দেশে ফিরেছেন। বিমানবাহিনী প্রধান চীন পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স-এর আমন্ত্রণে গত ১৬ জুলাই চার সফরসঙ্গীসহ সস্ত্রীক এক সরকারি সফরে চীন যান।
সফরকালে বিমানবাহিনী প্রধান চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু এবং পিএলএএএফ-এর কমান্ডার জেনারেল চ্যাং ডিংকিউ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তারা দুই দেশের বিমানবাহিনীর মধ্যে প্রযুক্তি বিনিময়সহ প্রশিক্ষণ এবং আধুনিকায়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া বৈঠকে বিমানবাহিনীকে প্রদেয় কে-৮ বিমান হস্তান্তরের ব্যাপারে এবং বিমানবাহিনীতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামাদি দ্রুততম সময়ে চীন থেকে বাংলাদেশে সরবরাহের বিষয়ে আশ্বস্ত করা হয়। বিমানবাহিনী প্রধান চায়না ন্যাশনাল এ্যারো-টেকনোলজি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন, হংডু এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ, এয়ারফোর্স কমান্ড কলেজ এবং এভিয়েশন ইউনিভার্সিটি অব পিএলএএএফ পরিদর্শন করেন।
বিমানবাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বিমানবাহিনী ও চীন পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স-এর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
