চার দশক পর পর্দায় উত্তম কুমার!

আপডেট : ২৫ জুলাই ২০২৩, ০৭:০৭ পিএম

বাঙালির ম্যাটিনি আইডল, যার সিনেমা দেখার জন্য হলে উপচে পড়ত ভিড়। শুধু তাই নয়, তার সিগারেট খাওয়ার স্টাইলে মেয়েদের হৃদয়ে কম্পন সৃষ্টি হতো। বাঙালি ঘরের ছেলে হলেও তার স্টারডম ছিল আকাশছোঁয়া। আজও সকলের মণিকোঠায় যিনি উজ্জ্বল তিনি উত্তম কুমার। যিনি মহানায়ক নামে বিশ্ব খ্যাত।

১৯৮০ সালের ২৪ জুলাই, মাত্র ৫৩ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ বাংলার একমাত্র মহানায়ক। না ফেরার দেশে চলে গেলেও আজও দর্শক তাকে ভুলেনি। প্রয়াণের ৪৩ বছর পর ফের বড় পর্দায় ফিরছেন তিনি।

সৃজিত মুখার্জির হাত ধরে আবারো পর্দায় ফিরছেন এ মহানায়ক। সিনেমার নাম ‘ অতি উত্তম’। ছবির গল্পে মুখ্য দুই চরিত্র কৃষ্ণেন্দু ও সোহিনী। তাদের প্রেমকাহিনি জুড়ে থাকবেন উত্তম কুমার। কৃষ্ণেন্দুর চরিত্রে অভিনয় করবেন অনিন্দ্য সেনগুপ্ত আর সোহিনীর চরিত্রে দেখা যাবে রশ্নি ভট্টাচার্যকে।

তবে ছবিতে উত্তম কুমারের নাতির চরিত্রে থাকছেন মহানায়কের আসল নাতি গৌরব চট্টোপাধ্যায়। উত্তম কুমারের প্রয়াণ দিবসে সৃজিত উন্মুক্ত করলেন সিনেমাটির প্রিভিউ। প্রিভিউতে দেখা গিয়েছে অনিন্দ্য ও গৌরব বসে কথা বলছেন আর তারই মাঝে অনিন্দ্যকে সাহায্য করার কথা নিজেই জানালেন উত্তম কুমার।

আসলে ছবিতে গৌরব ও কৃষ্ণেন্দু দুই বন্ধু। অন্যদিকে কৃষ্ণেন্দু এক গবেষক। সে উত্তম কুমারকে নিয়ে গবেষণা করছেন। সেই কারণেই তারা দুজনে মিলে প্ল্যানচেট করে উত্তম কুমারকে নিয়ে আসেন। সেখানে উত্তমের চরিত্রে দেখা যাবে স্বয়ং উত্তমকেই। গৌরব, অনিন্দ্য ও সোহিনী ছাড়া এই ছবিতে অন্যান্য চরিত্রে দেখা যাবে লাবণী সরকার এবং শুভাশিস মুখোপাধ্যায়কে।

সর্বশেষ সর্বাধিক পঠিত