কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার কুরুন্ডী গ্রামের জালাল ভূঁইয়া (৪৫) হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
ব্যবসায়ী জালাল কুরুন্ডী গ্রামের মৃত জুলু মিয়ার ছেলে। গত ১৪ জুলাই কুরুন্ডী গ্রামের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হন জালাল ভূঁইয়া। পরে চিকিৎসাধীন অবস্থায় হামলার আট দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
এলাকাবাসীর উদ্যোগে দুপুরে মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, ইউপি সদস্য সবুজ ভূঁইয়া, মহন ভূঁইয়া, আক্কাস ভূঁইয়া, আলমগীর হোসেন, রফিয়া খাতুন, তানজিনা খাতুন প্রমুখ। বাঙ্গরা বাজার থানার ওসি রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, বর্তমানে ওই মামলায় অভিযুক্ত পাঁচজন আদালত থেকে জামিনে। বাকিরা পলাতক, তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
