রাজনীতি মানে অরাজকতা নয়: শিক্ষামন্ত্রী

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০৫:১৫ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনীতির মাঠে রাজনীতি থাকবে। রাজনীতি মানে অরাজকতা কিংবা ধ্বংসলীলা নয়। সামনে নির্বাচন আছে। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব। শিক্ষার্থীদের জীবন জিম্মি করে কোন রাজনৈতিক দল যেন অসাধু ফায়দা লোটার অপচেষ্টা না করে।

তিনি আজ শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী নভেম্বর মাসের মধ্যে আমরা শিক্ষার্থীদের এই বছরের শিক্ষা কার্যক্রম, পাঠ্যসূচি ও পরীক্ষাসহ সব কিছু শেষ করার চেষ্টা করছি। সেই সময়ে এই ধরনের অরাজকতা সৃষ্টি করা দেশব্যাপী আমাদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। আমি আশা করি যে কোন রাজনৈতিক সংগঠন দায়িত্বশীলতার সঙ্গে আমাদের নতুন প্রজন্মের বিষয়টি এবং তাদের স্বার্থকে অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের যে অপ তৎপরতা এবং আবারও পেছনে ফেরার লক্ষণ দেখাচ্ছে। এটি দেশের জন্য মোটেই ইতিবাচক নয়। এই সময়ে তাদের কর্মকাণ্ড দেশের অগ্রযাত্রাকে পিছিয়ে দেবে। বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে উন্নয়নের দিকে। তার সবকিছুই ব্যাহত হবার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিক্ষার্থীরা। কারণ শিক্ষার্থীরা করোনার কারণে অনেক অসুবিধা হয়েছে। এখন আমরা সেগুলো কাটিয়ে উঠছি।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ

অনুষ্ঠানে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে ৮২ জন সাংবাদিকদের মাঝে ১৭ লাখ টাকার কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্যাহ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান সুমন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত