ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

দুই স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেপ্তার দাবি

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১২:৫০ এএম

ঠাকুরগাঁও সদর উপজেলার মহাদেবপুর উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখা। গতকাল মঙ্গলবার দুপুরে শহরের চৌরাস্তায় এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা বলেন, গত ১৩ জুলাই বিদ্যালয় চলাকালে তিন বখাটে দুই ছাত্রীকে স্কুল থেকে জোরপূর্বক ধরে গ্রচ্ছগ্রামে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীদের চিৎকারে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করেন। পরে বাড়ি ফিরে এক শিক্ষার্থী অপমান সইতে না পেরে আত্মহত্যারও চেষ্টা করে। এ ঘটনায় থানায় রনি, সাকিব ও আকবরকে আসামি করে মামলা হলেও আসামিরা গ্রেপ্তার হয়নি। ফলে ওই ছাত্রীর পরিবারে আতঙ্ক বিরাজ করছে। মানববন্ধনে বক্তব্য দেন দিনাজপুর নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ মহিলা পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক সুচরিতা দেব, যুগ্ম আহ্বায়ক সুরভী কেরকেঁটা, উদীচী সভাপতি সেতারা বেগম প্রমুখ।

এ ব্যাপারে ঠাকুরগাঁও থানার ওসি ফিরোজ কবীর বলেন, অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত