সাভারের আশুলিয়ায় মাস তিনেক আগে অবৈধ সংযোগের গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে আগুনে পুড়ে মারা যান গৃহবধূ নাহার বেগম। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন তার ছোট ছেলে মো. হাসিব সরদার। তখন স্বজনদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে কৌশলে নাহার বেগমের দাফন করান বাড়ির মালিক মো. আবুল কালাম শেখ। এর প্রায় তিন মাস পর এখন হাসিবকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে বাড়িটির মালিক ও তার স্ত্রী শাহনাজ শেখের বিরুদ্ধে। এ ঘটনায় হাসিব আশুলিয়া থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
আগুনে পুড়ে মারা যাওয়া নাহার বেগম গোপালগঞ্জের মুকসুদপুর থানার গনুহার গ্রামের মো. হাবিবুর রহমানের স্ত্রী। তিনি স্বামী-সন্তানদের নিয়ে আশুলিয়ার দুর্গাপুর এলাকার আবুল কালাম শেখের মালিকানাধীন শেখ কালাম মঞ্জিলে ভাড়া থাকতেন। আবুল কালাম তার বাড়ির পাশে ইফাদ গ্রুপের নীলাবীথি নামে একটি প্রকল্পের ব্যবস্থাপক বলে জানা গেছে।
হাসিব সরদার দেশ রূপান্তরকে বলেন, ‘গত ২৯ জুলাই রাতে কর্মস্থলে গিয়ে কালাম শেখ লোকজন নিয়ে আমাকে হত্যার জন্য তুলে আনার চেষ্টা করেন। এ সময় আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে মোবাইল ফোন ফেলে পালিয়ে যান কালাম শেখ।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কালাম শেখের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে তার স্ত্রী শাহনাজ শেখ কল রিসিভ করে উল্টো ভুক্তভোগী হাসিব সরদারের বিরুদ্ধে তার স্বামীর মোবাইল ফোন ছিনতাইসহ তাকে মারধরের অভিযোগ করেন।
আশুলিয়া থানার এসআই মাসুদ আল-মামুন জানান, হাসিব সরদারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকাণ্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঊর্ধ্বতন কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
