ময়মনসিংহের ত্রিশালে মুক্তিযোদ্ধা মতিন মাস্টার হত্যা মামলায় ছয়জনের ফাঁসি ও দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।
একইসঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয়জনকে ৫০ হাজার টাকা জরিমানা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুজনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, ত্রিশালের মোবারক মেম্বার, তোফাজ্জল হোসেন, রুবেল মিয়া, সেলিম, সোহাগ ও ইদ্রিস আলী। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, মোফাজ্জল হোসেন রুবেল ও দুলাল মিয়া।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলির (পিপি) পিযুস কান্তি সরকার রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিযুষ কান্তি সরকার ও আসামিপক্ষের আব্দুল গফুর, নুরুল হক ও শফিকুল্লাহ এ মামলাটি পরিচালনা করেন।
