ঢাবির স্টাফ কোয়ার্টারে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০৩:৩৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে সুখি আক্তার (২৬) নামে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার স্বামী ঢাবির গ্রন্থাগারের অফিস সহায়ক ঝন্টু মৃধার দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার করে তার স্বামী তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল এলাকার শানু হাওলাদারের মেয়ে সুখি।

হাসপাতালে স্বামী ঝন্টু মৃধা জানান, ২০১৬ সাল থেকে তারা শহিদুল্লাহ হলের স্টাফ কোয়ার্টারে টিনশেড ঘরে থাকেন। পাঁচ মাস আগে তাদের যমজ ছেলেসন্তান হয়। তবে জন্মের পাঁচ-ছয় দিন পর এক সন্তান মারা যায়। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন সুখি। হতাশাগ্রস্ত সুখিকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করানো হচ্ছিল।

তিনি জানান, আজ (গতকাল) শুক্রবার সকাল ৬টার দিকে তিনি ঘুম থেকে উঠলে সুখি তাকে বলেন, তার শরীর খারাপ লাগছে। দোকান থেকে তার জন্য খাবার স্যালাইন আনতে। তখন ঝন্টু তার কথামতো দোকানে যান খাবার স্যালাইন আনতে। স্যালাইন কিনে ১০ মিনিট পর বাসায় ফিরে দেখেন, ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছেন সুখি। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে সেখান থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিস্তারিত শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

ঢামেক চত্বর থেকে য্বুকের মরদেহ উদ্ধার : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে এক য্বুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালটির ২ নম্বর ভবনের সামনে থেকে মৃতদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

শাহবাগ থানার এসআই ফারুক আলী জানান, ওই যুবক ভবঘুরে ও মাদকাসক্ত ছিল। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। হাসপাতালের আশপাশেই ঘোরাফেরা করত। সকালে হাসপাতালটির ২ নম্বর ভবনের সামনে সিঁড়ির পাশে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় হাসপাতাল কর্র্তৃপক্ষ। পরে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত