কুমিল্লায় আগ্নেয়াস্ত্রসহ যুবক আটক

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ০২:৫৫ পিএম

কুমিল্লার সদর দক্ষিণে আগ্নেয়াস্ত্রসহ কাউছার হোসেন (৩৮) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৪ আগস্ট) রাতে উপজেলার সালমানপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করে কুমিল্লা র‌্যাব-১১। আটক ওই যুবক সালমানপুর গ্রামের বাসিন্দা।

আজ শনিবার বেলা ১১ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা র‌্যাব-১১ সিপিসি-২-এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযান পরিচালনা করার সময় কাউছার নামের ওই যুবককে অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সেই সঙ্গে আগ্নেয়াস্ত্র পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক কাউছার দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মাদক ব্যবসা, চোরাকারবারি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখল ও চুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের অপকর্মসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং আধিপত্য বিস্তার করা। সে বিভিন্ন সময়ে জব্দকৃত অস্ত্র ভাড়া হিসেবেও প্রদান করে বলেও স্বীকার করেছে। এসব বিষয়ে তার বিরুদ্ধে কুমিল্লার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত