কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ মো. আজাদ নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
এর আগে, শুক্রবার (৪ আগস্ট) রাত দশটায় ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আজাদ চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের মেষতলা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নবগ্রাম-মুন্সীরহাট সংযোগ সড়কের নবগ্রাম এলাকা থেকে মো. আজাদকে ২০ বোতল বিদেশী মদসহ আটক করে। পরে চৌদ্দগ্রাম থানায় তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
