বাংলাদেশের চ্যাম্পিয়ন অভিষেক মজুমদার সন্তু

আপডেট : ০৫ আগস্ট ২০২৩, ১০:২৯ পিএম

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী অভিষেক মজুমদার সন্তু। সহপাঠী ও শিক্ষকদের কাছে ‘চ্যাম্পিয়ন’। বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের দু-দুবারের ব্রোঞ্জ পদকজয়ী সন্তু শিক্ষাপ্রতিষ্ঠান ও বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াডের সবার প্রিয়। এ বছর অনুষ্ঠিত হওয়া ৫৫তম আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশ দলের হয়ে অভিষেক মজুমদার সন্তু ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। আন্তর্জাতিক পর্যায়ের রসায়নের সবচেয়ে বড় আসরটি এবার অনুষ্ঠিত হয় ১৬ থেকে ২৫ জুলাই। হোস্ট হিসেবে ছিল সুইজারল্যান্ডের জুরিখের ইটিএইচ ইউনিভার্সিটি। সন্তু ২০২২ সালেও বাংলাদেশের হয়ে একই আসরে ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন।

এবারই প্রথম সশরীরে আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বাংলাদেশ দল। দলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অভিষেক মজুমদার সন্তুসহ ছিলেন সরকারি তোলারাম কলেজের আহাদ ইসলাম তালুকদার, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের লিহান হায়দার এবং নটর ডেম কলেজের আর্য্য কর। দলের মেন্টর হিসেবে ছিলেন বুয়েটের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ওয়াহাব খান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ কবির উদ্দীন। তত্ত্বীয় ও ব্যবহারিক উভয় পরীক্ষায় প্রাপ্ত মোট মার্কের ভিত্তিতে দলের অভিষেক মজুমদার সন্তু ব্রোঞ্জ পদক অর্জন করেন।

কেমিস্ট্রি অলিম্পিয়াডের এই দীর্ঘযাত্রায় সন্তুকে অতিক্রম করতে হয়েছিল তিনটি ধাপ। প্রথমে অনলাইনে প্রিলিমিনারি রাউন্ড, তারপর প্রিলিমিনারি রাউন্ডের নির্বাচিত ৯৯ জন শিক্ষার্থীকে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় রাউন্ড। জাতীয় পর্যায়ে নির্বাচিত হন দশজন শিক্ষার্থী। এই দশজন শিক্ষার্থী ও ন্যাশনালের ভালো করা আরও কিছু শিক্ষার্থীকে নিয়ে অনলাইনে ক্যাম্প করানো হয়। এরপর বুয়েটের রসায়ন বিভাগে অনুষ্ঠিত হয় টিম সিলেকশন টেস্ট। টিম সিলেকশন টেস্টে প্রাপ্ত মার্কের ভিত্তিতে চার সদস্যের বাংলাদেশ দলে স্থান করে নেন সন্তু।

১৬ জুলাই মেন্টর ড. মোহাম্মদ কবির উদ্দীনসহ সন্তুরা সুইজারল্যান্ডে পৌঁছান। এই দলের মিডিয়া পার্টনার ছিল দেশ রূপান্তর। দলের ফ্লাইট টিকিট স্পন্সর করে বার্জার ও সিসি সেভেন। পাঁচ ঘণ্টার ৪০ মার্কের প্র্যাক্টিক্যাল পরীক্ষা, পাঁচ ঘণ্টার ৬০ মার্কের তত্ত্বীয় পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় সন্তুদের। ১০০ নাম্বারের মধ্যে ৪৬.৪১ নাম্বার পেয়ে অভিষেক মজুমদার সন্তু ব্রোঞ্জ পদক অর্জন করেন। আইসিএইচও ছাড়াও আইজেএসওতেও (ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড) বাংলাদেশের হয়ে পদক অর্জন করেন অভিষেক। ২০১৮ ও ২০১৯ সালে আইজেএসওতে যথাক্রমে ব্রোঞ্জ ও সিলভার পদক পান তিনি। আইজেএসওর জন্য পড়াশোনা করার সময়েই রসায়নের প্রতি আগ্রহ জন্মায় তার। তখন থেকেই তার স্বপ্ন আইসিএইচওতে বাংলাদেশের হয়ে পদক অর্জন করার। বর্তমানে অভিষেক কোরিয়ান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কাইস্ট)-এর ছাত্র, যা কিউএস ২০২৩ গ্লোবাল র‍্যাঙ্কিংয়ে ৪২তম বিশ্ববিদ্যালয়। অভিষেকের স্বপ্ন রসায়নবিদ হওয়া, রসায়ন নিয়ে গবেষণায় মগ্ন থাকা এবং অধ্যাপনা করা। নিজের পড়াশোনার পাশাপাশি অন্যদেরও পড়াতে ভালোবাসেন অভিষেক। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড বা বিডিজেএসওতে তিনি একাডেমিক টিমের দায়িত্বে আছেন। বড় হয়েও তাই শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকতে চান তিনি। এ ছাড়াও অবসর সময়ে বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি করতে ও আড্ডা দিতে পছন্দ করেন অভিষেক। আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞবোধ করেন সন্তু। দেশ ও জাতির সেবায় এই ঋণ শোধ করতে চান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত