শিরোপার খুব কাছে চলে গিয়েছিল সারে জাগুয়ার্স। পুরো টুর্নামেন্টজুড়েই দাপট দেখিয়েছিল লিটন দাসের দলটি। কিন্তু ফাইনালে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি লিটন। সারেও নিজেকে মেলে ধরতে পারেনি। ফলে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিব আল হাসানের দল মন্ট্রিয়েল টাইগার্সের কাছে হেরে শিরোপা খুইয়েছে জাগুয়ার্স।
শ্বাসরুদ্ধকর ফাইনালে শেষ বলে ছক্কা মেরে টাইগার্সকে জেতান আন্দ্রে রাসেল। ৫ উইকেটের জয় নিশ্চিত হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন শেরফানে রাদারফোর্ড। পুরো আসরে তার রান ২২০। তাতে ম্যাচসেরা ও টুর্নামেন্ট সেরা দুই পুরস্কারই জিতেছেন তিনি।
আগে ব্যাট করে সারে ১৩০ রান করে। দলের পক্ষে জতিন্দর সিং সর্বোচ্চ ৫৬ রান করে।
মন্ট্রিয়েলের হয়ে সর্বোচ্চ আয়ান আফজাল খান সর্বোচ্চ ২ উইকেট শিকার করেছেন। কার্লোস ব্র্যাথওয়েট, আব্বাস আফ্রিদি ও আন্দ্রে রাসেল একটি করে উইকেট নেন।
১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রাদারফোর্ড ও রাসেলের ব্যাটে জয় নিশ্চিত করেছে টাইগার্স।
