ময়মনসিংহের তারাকান্দায় হত্যা মামলায় জুয়েল মিয়া নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে দশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
রাসেল নামে এক যুবককে হত্যার অভিযোগে জুয়েলকে এ দণ্ড দেন আদালত। দণ্ডপ্রাপ্ত জুয়েল তারাকান্দার ঢাকুয়া গ্রামের জনাব বাসিন্দা।
সোমবার (৭ আগস্ট) দুপুরে এ আদেশ দেন ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো. শাহাদত হোসেন।
মামলার বিবরণে জানা যায়, ময়মনসিংহের তারাকান্দার ঢাকুয়া গ্রামে ২০১১ সালে নিহত রাসেলের চাচা নুরুল ইসলামের সাথে প্রতিপক্ষের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা চলছিল। এই মামলার জেরে প্রতিপক্ষরা ২০১৩ সালের ১৯ মে বিকালে দেশিয় অস্ত্র দিয়ে নুরুল ইসলামকে আঘাত করে। এ সময় তার চিৎকারে ভাতিজা রাসেল (২০) ও পরিবারের লোকজন এগিয়ে আসলে তাদের ওপর আক্রমণ চালায় প্রতিপক্ষরা।
এ সময় রাসেলসহ বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাসেলের অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২৩ মে সকালে তার মৃত্যু হয়।
ঐ দিনই চাচা নুরুল ইসলাম বাদী হয়ে তারাকান্দা থানায় দশজন অভিযুক্তের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ তদন্ত শেষে আটজনের জড়িত সন্দেহে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
পরবর্তীতে ১৪ জন সাক্ষীদের সাক্ষ্যগ্রহন, বিচার-বিশ্লেষণ, পর্যালোচনা শেষে অভিযুক্তদের উপস্থিতিতে আদালত জুয়েল মিয়াকে দোষী সাব্যস্ত করে এ আদেশ দেন। বাকিদের বেকসুর খালাস প্রদান করেন।
আদালতে রাষ্ট্র পক্ষের আইনজীবী শেখ আবুল হাসেম ও অভিযুক্তদের পক্ষে মো. হারুনুর রশিদ মামলাটি পরিচালনা করেন।
