ত্রিশালে উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৬:৪৮ পিএম

ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রাশেদুল ইসলামের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) কর্তৃপক্ষ।

সোমবার (৭ আগস্ট) দুপুরে ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালির বাজার স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ফজলে রাব্বি।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ৫৩ বছর আগে জনৈক যোগেশ চন্দ্র গংদের কাছ থেকে সাফকাওলা দলিলমূলে ৭৭ শতাংশ কৃষি জমি ক্রয় করে কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। ভোগদখলে থাকাসত্ত্বেও হিন্দুর জমি উল্লেখ করে অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়ে যায়। ভিপি তালিকাভুক্তির পর সেই সুযোগ কাজে লাগিয়ে, রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি সরকারের কাছ থেকে লীজ নেয়। তবে ওই ব্যক্তি সেই জমিতে কখনও কোনোদিন চাষাবাদ বা ভোগদখলে যায়নি।

বিষয়টি জানতে পেরে, ২০১৩ সালে ময়মনসিংহের বিজ্ঞ ১ম যুগ্ন জেলা জজ আদালতে মোকদ্দমা দায়ের করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

চলতি বছরের ২২ জুন অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল ময়মনসিংহ আদালতের এর বিচারক লায়লা শারমিন কালির বাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে রায় ঘোষণা করেন। আদালতের ওই রায়ের পরও ৭৭ শতাংশের কৃষি জমিটি বিদ্যালয়ের ভোগদখলে নেই, ছিলও না, মর্মে উপজেলার কাঁঠাল ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রাশেদুল ইসলাম তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে নানা বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছে সংবাদ সম্মেলনে বলা হয়।

শক্তিপ্রয়োগ করে হলেও রফিকুল ইসলামকে ওই জমি দখল করতে উস্কানি দিচ্ছে উপ-সহকারী ভূমি কর্মকর্তা রাশেদুল ইসলাম। এতে যেকোনো সময় সংঘাতের সৃষ্টি হতে পারে আর এমন পরিস্থিতির জন্য ভূমি কর্মকর্তা দায়ী থাকবে।

এ সময় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত