বগুড়া ডিসি অফিসের রেকর্ড রুমে আগুন পুড়ল নথিপত্র

আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০১:০১ এএম

বগুড়া জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নিচতলায় রেকর্ড রুমে গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। এতে করে বেশকিছু নথিপত্র পুড়ে গেছে। বিকেল ৪টার দিকে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুড়ে যাওয়া নথিপত্রগুলো নিষ্পত্তি হওয়া প্রায় ২০ বছর বা তারও আগের বলে দাবি করেছে জেলা প্রশাসন।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুমের ফল্স ছাদে রাখা নিষ্পত্তি হওয়া নথিপত্র ছিল।  এ সময় ডিসি অফিসের কর্মচারীরা কার্যালয়ের অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে বিকেল সাড়ে ৩টার মধ্যে আগুন নিভিয়ে ফেলেন।

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্তের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক নিলুফা ইয়াসমিনকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বগুড়ার সহকারী পরিচালক মো. মঞ্জিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিকেল সাড়ে ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ফল্স ছাদের দেয়ালে থাকা বিদ্যুতের তারে শর্ট-সার্কিট থেকে আগুন লেগেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত