লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনের ফলে পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছে ইরান। পারস্য উপসাগর এবং ওমান সাগরকে শত্রুমুক্ত রাখতে আরব দেশগুলোকে একাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের দাবি, বাণিজ্যিক জাহাজ আটকের জেরে ইরানের হুমকি মোকাবিলায় লোহিত সাগরে তিন হাজার সেনা পাঠিয়েছে দেশটি। গত সোমবার যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বার্তা সংস্থা এএফপিকে বলেন, এই নৌপথে বিভিন্ন বাণিজ্যিক জাহাজকে হয়রানি ও আটক করে আসছে ইরান। তাদের কর্মকাণ্ড বন্ধ ও আঞ্চলিক উত্তেজনা কমানোর অংশ হিসেবেই অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। এদিকে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ‘যুক্তরাষ্ট্র কখনোই অঞ্চলটির নিরাপত্তা রক্ষা করতে চায়নি বরং তারাই পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) শান্তি নষ্ট করছে। পারস্য উপসাগর এবং ওমান সাগরকে শত্রুমুক্ত রাখতে আরব দেশগুলোকে একাট্টা হতে হবে।’ বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজ আটক করলে তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে।’
×
