আজ চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৭:১১ এএম

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশতবার্ষিকী আজ। পুরো নাম শেখ মোহাম্মদ সুলতান। তবে এস এম সুলতান নামেই তিনি পরিচিত। ১৯২৩ সালের ১০ আগস্ট তিনি নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো. মেছের আলি ও মাতা মোছা. মাজু বিবি। পিতা-মাতা আদর করে নাম রেখেছিলেন লাল মিয়া।

সুলতানের জন্মবার্ষিকী পালনে সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে সুলতান কমপ্লেক্সে শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল।

এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানমালা হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ, শিল্পীর কর্মের ওপর ১০০ ফুট লম্বা শিশুদের অঙ্কিত চিত্রকর্ম প্রদর্শনী, বরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্টক্যাম্প, শিশু চিত্রকর্মশালা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের নিয়ে নৌকাভ্রমণ, শিল্পী এস এম সুলতানের চিত্রকর্মের পর্যালোচনা, আলোচনা সভা ও শিল্পীর জীবনের ওপর প্রামাণ্যচিত্র ‘আদমসুরত’।

কালোত্তীর্ণ এই চিত্রশিল্পীকে ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক দেওয়া হয়।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত