চট্টগ্রাম নগরীর এক ব্যবসায়ীর ১৪টি সোনার বার ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জয়ন্ত বনিক, প্রবীর বনিক, আব্দুর রউফ, মো. মাঈনুদ্দীন হাসান তুষার এবং শ্রাবণী বণিক।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, ‘গ্রেপ্তারদের হেফাজত থেকে ৬টি সোনার বার ও বার বিক্রির ৬ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।’
ওসি আরও জানান, গত ৬ আগস্ট নগরের হাজারি গলির বনলতা কাটিং সেন্টার নামের স্বর্ণালংকার তৈরির কারখানার ব্যবস্থাপক কনক ধর ১৪টি সোনার বার নিয়ে গরীবউল্লাহ শাহ মাজার এলাকায় যাওয়ার জন্য রিকশায় রওনা হন। তাকে বহনকারী রিকশাটি হাজারি গলির মুখে এলে রিকশা আটকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে সোনার বারগুলো ছিনিয়ে নেয় দুবৃত্তরা। এ ঘটনায় কনক ধর বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।
