স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে ডেঙ্গুর জন্য স্যালাইনের বেশ চাহিদা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে ১০/১২ গুণ চাহিদা বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। চাহিদা পূরণে দেশের সব স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে। প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আমদানির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে সদর উপজেলার ঢাকুলি এলাকায় এক কোটি ৬৫ লাখ ৮৪ হাজার ৩৯৩ টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল হতে হবে। কারণ মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন সেক্টরে অভূতপূর্ব কাজ করেছে। তাই আগামী নির্বাচনে জনগণ আওয়ামী লীগ সরকারকে ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।’
এ সময় সদর উপজেলা প্রকৌশলী মো. জাহিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।
