সাংবাদিককে রেল কর্মচারীর মারধর, সাময়িক বরখাস্ত

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৪:৫১ পিএম

সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেল কর্মচারীর হাতে মারধরের শিকার হয়েছেন র দৈনিক মানব জমিনের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামাল। আহত সাংবাদিক কামালকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অভিযুক্ত রেল কর্মচারি মুক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার সকালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশনে ঘটনাটি ঘটে।

আহত সাংবাদিক মোস্তাফা কামাল জানান, দীর্ঘদিন ধরে কালনী এক্সপ্রেসে বিনা টিকেটে পাওয়ার কারের কর্মচারীরা যাত্রীপরিবহন করে আসছে বলে অভিযোগ শোনা যাচ্ছে। শনিবার সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস সকাল ৯টা ৫ মিনিটে শায়েস্তগঞ্জ জংশন প্ল্যটফর্মে প্রবেশ করে। এ সময় তিনি পাওয়ার কারে কয়েকজন বিনা টিকেটে যাত্রী দেখে ওই বগির অপারেটর মুক্তারকে প্রশ্ন করেন।

প্রশ্ন শুনেই মুক্তার ক্ষেপে ওঠেন। এক পর্যায়ে মুক্তারসহ আরও কয়েকজন লোক বগি থেকে নেমে সাংবাদিক মোস্তাফা কামালের ওপর হামলা চালান। কামাল আত্নরক্ষার জন্য দৌড়ে স্টেশন মাষ্টারের কক্ষে আশ্রয় নেন। এ সময় মুক্তার ও তার সঙ্গীরা ওই কক্ষে প্রবেশ করে তাকে টেনে হিচঁড়ে ট্রেনে তুলে লাথি-কিল-ঘুষি মারতে থাকেন এবং এক পর্যায়ে আহত অবস্থায় তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়।

আহত সাংবাদিক মোস্তাফা কামালকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সাংবাদিক মহল ও স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। তারা জংশনে অবস্থান নিলে শায়েস্তাগঞ্জ রেল স্টেশন মাস্টার মোয়াজ্জল হক ও উর্ধতন উপ সহকারি প্রকৌশলী (পথ) মো. সাইফুল্লাহ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, অভিযুক্ত মুক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে উর্ধতন কর্তৃপক্ষ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত