রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পানি বাড়ায় কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ২০০ মেগাওয়াট ছাড়িয়েছে। গত রবিবার (৫ আগস্ট) বিদ্যুৎকেন্দ্রটির পাঁচটি ইউনিটে উৎপাদন ছিল ১৩৫ মেগাওয়াট। গতকাল শনিবার সকাল ১০টার হিসাব অনুযায়ী তার আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে এই বিদ্যুৎকেন্দ্রে। যা চলতি বছরে সর্বোচ্চ।
কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে এই কেন্দ্রটিতে ২০১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কাপ্তাই হ্রদে পানির পরিমাণ বাড়তে থাকলে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এই কেন্দ্রের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪২ মেগাওয়াট।
কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের দেশ রূপান্তরকে বলেন, ‘এক মাস আগেও কাপ্তাই হ্রদে পানির সংকটে এই বিদ্যুৎকেন্দ্রে দৈনিক ২৫ থেকে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তবে এখন সেই উৎপাদন অনেক বেড়েছে। বিষয়টি আমাদের জন্য অনেক আনন্দের। এখন কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পূর্ণ সক্ষমতায় চলছে। কাপ্তাই হ্রদের পানি আরও বাড়লে বিদ্যুৎ উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে।’
এদিকে কর্ণফুলী জল বিদ্যুৎকেন্দ্রের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পানির পরিমাণ রুলকার্ভ অনুযায়ী ৯২.৭২ এমএসএল (মিনস সি লেভেল) থাকার কথা থাকলেও গতকাল বিকেল ৫টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ছিল রুলকার্ভ অনুযায়ী ১০১ দশমিক ৪৭ এমএসএল। যা গত কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ।
