তারেক মাসুদ মিশুক মুনীরের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৪:৪৬ এএম

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরের ১২তম মৃত্যুবার্ষিকী মানিকগঞ্জে পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোকায় স্মৃতিচারণ সভা শেষে স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও বৃক্ষরোপণ করা হয়। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের জোকা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা।

স্মরণসভায় বক্তারা স্মৃতিফলক স্থানে তারেক মাসুদ-মিশুক মুনীরের ভাস্কর্য নির্মাণ, ঢাকা-মানিকগঞ্জ-পাটুরিয়ায় রেললাইন নির্মাণ, মহাসড়ক চার লেন উন্নীতকরণ ও মহাসড়কে দুর্ঘটনারোধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানিকগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি মানিকগঞ্জের সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি গাজী ওয়াজেদ আলম, তারেক মাসুদ-মিশুক মুনীর স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক রিপন আনসারি প্রমুখ।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার শালজানা গ্রামে ‘কাগজের ফুল’ চলচ্চিত্রের শুটিং স্পট দেখে ঢাকায় ফেরার পথে তাদের মাইক্রোবাসের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন ঘটনাস্থলে নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত