এশিয়া কাপে বাংলাদেশ ভালো না করলে আশ্চর্য হবেন সুজন

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০১:৫০ পিএম

ওয়ানডেতে অনেকদিন ধরেই পরিণত এক দল বাংলাদেশ। বর্তমান দলটা অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দারুণ ভারসাম্যপূর্ণ। এক সময়ে পেস বোলিং ইউনিট নিয়ে দুশ্চিন্তা থাকলেও এখন সেটাও নেই। আসছে এশিয়া কাপে তাই এই দলটার কাছে দারুণ কিছু আশা করেন দেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।

মিরপুরে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুজন বলেন, ‘আমি তো সবসময় বলি বাংলাদেশ এখন একটা পরিণত দল। এই ফরম্যাটে আমরা সবসময় ভালো খেলছিলাম। এখন অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেক এগিয়ে।’

পেস বোলিংয়ের কথা উল্লেখ করে সুজন বলেন, ‘যেটা বাংলাদেশের একটা প্রধান সমস্যা ছিল আমি মনে করতাম, সেটা হলো পেস বোলিং। কিন্তু যেভাবে তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, হাসান, এবাদত উঠে এসেছে, আমি মনে করি আমরা এখন দারুণ শক্তি আসলে। সঙ্গে মিরাজ, সাকিব, নাসুম যারাই আছে, ওরা অনেক অভিজ্ঞ।’

‘ব্যাটিংয়ে অনেক অভিজ্ঞতা আছে দলে। তামিম থাকলে অবশ্যই ভালো হতো। কিন্তু দিন শেষে নির্বাচকেরা যে দল দিয়েছে, সেটাই ধরে নিতে হবে সেরা দল। সেটার প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে। আমি আত্মবিশ্বাসী (এশিয়া কাপে) ভালো কিছু করতে পারব।’

পাকিস্তান ও শ্রীলঙ্কায় এশিয়া কাপ মাঠে গড়াবে ৩০ আগস্ট। পরদিন ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ আফগানিস্তান।

সুজন এই আসরে বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন দেখতে চান, ‘আমি মনে করি আমরা ক্যাপেবল। এশিয়া কাপে আমাদের ভালো করা উচিত। ভালো না করলেই আমি আশ্চর্য হবো। যদিও সত্যি কথা ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা কেউই ছেড়ে দেওয়ার মতো দল না। সবাই শক্তিশালী দল। কিন্তু আমাদের যদি চ্যাম্পিয়ন হতে হয়, তাহলে শক্তিশালী দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত