বয়সের কাছে হার না মানা অভিনেতা রজনীকান্ত। তার সিনেমা মানেই বক্স অফিসে ব্লকবাস্টার হিট। দীর্ঘ দুই বছর পর মুক্তিপ্রাপ্ত রজনীকান্তের ‘জেলার’ সিনেমা থেকে আবারও সেই প্রমাণ মিলল। গত ১০ আগস্ট বিশ্বজুড়ে ২ হাজার ৯০০টি স্ক্রিনে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার’ ছবিটি। ৭২ বছর বয়সী এই অভিনেতার জেলার সিনেমাটি মুক্তির ৪ দিনে ৩০০ কোটি রুপির মাইলফলকে প্রবেশ করেছে। মাত্র ৪ দিনে বিশ্বব্যাপী ৩০০ কোটির মাইলফলকে প্রবেশ করে সর্বোচ্চ আয় করা তামিল সিনেমাগুলোর একটি হয়ে উঠেছে জেলার। গত মঙ্গলবার সিনেমাটি ভারতে ৪২ কোটি রুপি আয় করেছে, যার মধ্যে শুধু তামিল ভাষাতে আয় ছিল ৩৪ কোটি রুপি। সবমিলিয়ে ৪ দিনে ভারতে সিনেমাটির আয় হয়েছে ১৫০ দশমিক ৬০ কোটি রুপি, যার বেশিরভাগ তামিল ও তেলেগু থেকে এসেছে। জেলার সিনেমাটি বিদেশেও দর্শক টানতে পারছে। বিদেশি বাজারে ১৬ মিলিয়নেরও বেশি আয় করেছে জেলার। কিছু দেশে প্রতিদিনের আয়ের দিক থেকে পাঠানকে ছাড়িয়ে গেছে। এছাড়া, আয়ের দিক থেকে মহামারী পরবর্তী ভারতীয় সিনেমাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আরআরআরের পেছনে আছে। মাত্র ৪ দিন পর সিনেমাটি সব মিলিয়ে আয় করেছে ৩০৮ কোটি রুপি। ফলে, সিনেমাটি ইতিমধ্যে এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী তামিল চলচ্চিত্র হয়ে উঠেছে।
এদিকে বক্স অফিসের ফলাফল জানার পরেই সোজা বদরিনাথ মন্দিরে পূজা দিতে চলে যান ‘থালাইভা’। গত ১২ আগস্ট উত্তরাখন্ডের বদরিনাথ মন্দিরে দেখা যায় রজনীকান্তকে। পূজা দিতে প্রায় ৩০ মিনিট মন্দিরে ছিলেন তিনি। ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন। যার পরিচালনা করেছেন নেলসন দিলীপ কুমার এবং প্রযোজনা করেছেন কালানিথি মরন। ‘জেলার’ ছবিতে মূল নারী চরিত্রে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা বর্ষীয়ান অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার ও জ্যাকি শ্রফকে। তামিল, তেলেগু এবং হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি।
