সিঙ্গাপুরে অর্থ পাচারকারীদের বিরুদ্ধে অভিযান, ১০০ কোটি ডলারের সম্পদ জব্দ

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৫:৩৩ পিএম

অর্থ পাচারকারীদের বিরুদ্ধে বড় আকারের অভিযান চালিয়েছে সিঙ্গাপুর সরকার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে অবৈধ উপায়ে অর্থ পাচার করে যারা সিঙ্গাপুরে এনেছে তাদের বিরুদ্ধে এই অভিযান চালানো হয়। দেশটির অভিজাত এলাকা ট্যাংলিন, বুকিত টিমাহ, অর্চার্ড রোড, সেন্টোসা এবং রিভার ভ্যালিতে পরিচালিত এই অভিযানে এক বিলিয়ন সিঙ্গাপুর ডলারের সমপরিমাণ সম্পদ ও নগদ মুদ্রা জব্দ করা হয়েছে।

বিভিন্ন বিলাসবহুল বাংলো এবং অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়েছে। অভিযানের সময় গ্রেফতার এড়াতে একটি বাংলোর দোতলা থেকে একজন লাফিয়ে পড়ে। পরে একটি ড্রেনে লুলিয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়। এমন তথ্য দিয়েছে সিঙ্গাপুর-ভিত্তিক টিভি চ্যানেল নিউজ এশিয়া।

সিঙ্গাপুর পুলিশ ফোর্সের ওয়েবসাইটে বলা হয়েছে, অভিযানে নারীসহ ১০ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সাইপ্রাস, তুরস্ক, চীন, কম্বোডিয়া, ভানুয়াতুর নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ৩১ থেকে ৪৪ বছরের মধ্যে। এছাড়া আরও ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আট জন পলাতক রয়েছেন।

আরও পড়ুন: কোরআন অবমাননার অভিযোগে আগুনে পুড়ল ৫ গির্জা

অবৈধ উপায়ে বিভিন্ন দেশ থেকে পাচার করে সিঙ্গাপুরে অর্থ আনার বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। দেশটির পুলিশ বিভাগ বলছে, সিঙ্গাপুরের ব্যাংক অ্যাকাউন্টে পাচার হয়ে আসা অর্থের উৎস দেখাতে জাল কাগজপত্র ব্যবহার করেছেন অভিযুক্তরা। তাদের ধরতে প্রায় ৪০০ জনের দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে বাণিজ্য বিভাগ, অপরাধ তদন্ত বিভাগ, স্পেশাল অপারেশন্স কমান্ড এবং পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

বিবিসি জানিয়েছে, অভিযানে এক বিলিয়ন সিঙ্গাপুর ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ জব্দ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ৯৪টি অভিজাত বাড়ি, ৫০টি বিলাসবহুল গাড়ি, দামি ঘড়ি, স্বর্ণের বার, দামি ব্যাগ ও মদ। জব্দের তালিকায় নগদ ২৩ মিলিয়ন সিঙ্গাপুর ডলারের সমপরিমাণ অর্থ রয়েছে। এছাড়া অপরাধে জড়িত সন্দেহে ১১০ মিলিয়ন ডলারের ওপরে জমা থাকা ৩৫টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আরও সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হতে পারে। অভিযুক্তরা অর্থ পাচারের দায়ে দোষী প্রমাণিত হলে সিঙ্গাপুরের আইনানুযায়ী তাদের সর্বোচ্চ ১০ বছরের সাজা এবং পাঁচ লাখ ডলার জরিমানা হতে পারে। এছাড়া তারা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত