শ্রমিকদের মজুরি ২৪ হাজার করার দাবিতে বিক্ষোভ

আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১২:৫৬ এএম

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার টাকা করার দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের ব্যানারে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন।

সমাবেশ থেকে এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে পোশাক শ্রমিকদের কষ্টের কথা তুলে ধরে বক্তারা অবিলম্বে ন্যূনতম ২৪ হাজার টাকা মজুরি ঘোষণার দাবি জানান। শ্রমিক নেতারা পোশাক শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ নির্ধারণ, নারী ও শিশু নিরাপত্তা, শিক্ষা, ডে-কেয়ার সেন্টার ব্যবস্থা, আবাসন নির্মাণ, নারী শ্রমিকদের মাতৃত্ব কল্যাণ ছুটি ছয় মাস আইন পাস করার দাবি জানান।

এ ছাড়াও ইপিজেডকে শ্রম আইনের অন্তর্ভুক্ত এবং অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, শ্রম আইন নিশ্চিত করা, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, শ্রম আদালতে করা মামলা ১৫০ দিনের মধ্যে নিষ্পত্তিসহ কর্মস্থলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। এর আগে বক্তারা বিক্ষোভ মিছিল নিয়ে মজিদপুর থেকে শুরু করে ঢাকা আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে রানা প্লাজার সামনে এসে শেষ করেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি সুমাইয়া ইসলাম, যুগ্ম সম্পাদক পারভীন আক্তার, আবু কালাম, মো. আতিকুর রহমান সুমন, আলী আকবর খান রমজান, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রতন মোতালেবসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত