বর্তমান সরকার দেশকে জেলখানা ও দেশের মানুষকে ক্রীতদাস বানাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি বলেছেন, ‘এভাবে চলতে থাকলে দেশটা একটি কারাগারে পরিণত হবে আর আমাদের ক্রীতদাসের মতো থাকতে হবে। লাখো শহীদের জীবনের বিনিময়ে পাওয়া দেশ একটি গোষ্ঠীর কাছে বন্ধক দিয়ে আমরা ক্রীতদাস হতে পারি না।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাপা চেয়ারম্যানের রাজধানী বনানীর কার্যালয় মিলনায়তনে জাপা মহানগর উত্তরের বিশেষ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য দেন জাপা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি।
জি এম কাদের বলেন, ‘সারা দেশে গোয়েন্দা সংস্থা ও পুলিশে লোক বাড়ানো হয়েছে। মানুষকে নজরদারির আওয়তায় এনে একধরনের শাসনের মধ্যে রেখেছে। স্মার্ট বাংলাদেশের মাধ্যমে সব মানুষকে পর্যবেক্ষণে রাখবে সরকার। কে কী করছে, কোথায় খাচ্ছে, তা নিয়ন্ত্রণের মধ্যে নেওয়া হচ্ছে।’
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, ‘বর্তমান সরকার দেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে। জনগণের ইচ্ছামতো প্রতিনিধিরা দেশ চালাতে ব্যর্থ হলে জনগণ আবার ভোটের মাধ্যমেই প্রতিনিধি পরিবর্তন করবে। এটাই আমাদের স্বাধীনতাযুদ্ধের চেতনা।’
জি এম কাদের অভিযোগ করেন, দেশের মালিকানা হারিয়ে মানুষ এক শ্রেণির দাসে পরিণত হয়েছে। দাসদের ম্যানেজ করতে সুবিধাভোগী লাঠিয়াল বাহিনী তৈরি করা হয়েছে। মানুষের বাক ও চিন্তা প্রকাশের স্বাধীনতা নেই। আইনকানুন তৈরি করে মানুষের স্বাভাবিক অধিকার খর্ব করেছে সরকার।
