ভোলায় যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে ভোলা-চট্টগ্রাম রুটের একটি বাস থেকে এ গাঁজা উদ্ধার করা হয়।
আটক শহিদুল কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ভোলা শহরের পানের আড়ৎ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহন নামের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় বাসের একটি সিটের নিচ থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ভোলা গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক মো. মোহাইমিনুল ইসলাম জানান, আটক শহিদুল ইসলামের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
