পিএসজিতে আজ জুটি বেঁধে খেলবেন এমবাপ্পে-দেম্বেলে

আপডেট : ১৯ আগস্ট ২০২৩, ১০:২২ এএম

লিগ ওয়ানে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ তুলুজ। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া এ ম্যাচে একসঙ্গে জুটি বেধে খেলতে দেখা যাবে কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলেকে।

তুলুজের বিপক্ষে ম্যাচের জন্য শুক্রবার স্কোয়াড ঘোষণা করে পিএসজি। যেখানে এমবাপ্পে ফিরেছেন। সেই সঙ্গে ক্লাবটিতে নতুন যোগ দেওয়া দেম্বেলেকেও রাখা হয়েছে। তাদের ‍দুজনের খেলার বিষয়টিই নিশ্চিত করেছেন দলটির কোচ লুইস এনরিকে।

ফ্রান্স জাতীয় দলের সতীর্থ এমবাপ্পে ও দেম্বেলে ক্লাব ফুটবলে এই প্রথম জুটি বেঁধে খেলবেন।

এমবাপ্পে এবং পিএসজির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না। মূলত নতুন চুক্তি নিয়ে সম্পর্কের অবনতি দুই পক্ষের। যার জেরে গত শনিবার লরিয়ঁর বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচেও দলে ছিলেন না ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার।

তবে দুই পক্ষের সম্পর্কের উন্নতির পর প্রথমে অনুশীলনে ফেরেন এমবাপ্পে। এবার ফিরলেন স্কোয়াডেও।

এমবাপ্পেকে নিয়ে এনরিকে বলেছেন, ‘কিলিয়ান (এমবাপ্পে) খুব ভালো অবস্থায় আছে। তার মধ্যে মাঠে নামার তীব্র আকাঙ্ক্ষা কাজ করছে। মানসিক দিক থেকেও ভালো অবস্থায় আছে। কিলিয়ানের মতো বিশ্বমানের ফুটবলারকে পেয়ে আমি খুব খুশি।’

সেই সঙ্গে বলেছেন, দেম্বেলে খেলবেন ‘প্রথম মিনিট থেকেই’। তবে লিওনেল মেসি, নেইমার চলে যাওয়ায় আক্রমণ ভাগে শক্তি বাড়ানোর প্রয়োজনীয়তাও দেখছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত