ফেনীর সোনাগাজী উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী তিন ছাত্রীকে মারধর ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতা রবিউল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে ফেনী শহরের ট্রাংক রোডের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রবিউল হাসান সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক।
এর আগে গত শনিবার দুপুরে অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী এক শিক্ষার্থী। এতে ছাত্রলীগ নেতা রবিউল হাসান ও তার সহযোগী মো. তুষার এবং মো. মুরাদকে আসামি করা হয়।
সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম বলেন, গত রবিবার রাতে রবিউল ও তার সহযোগীরা এলাকা ছেড়ে ঢাকা ও চট্টগ্রামে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে ফেনী শহরে যান। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে শহরের ট্রাংক রোডের একটি রেস্তোরাঁর সামনে থেকে রবিউলকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। জিজ্ঞাসাবাদে রবিউল ঘটনার দায় স্বীকার করেছে।
