যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে। এ অপশক্তির সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুরে ব্রি সদর দপ্তরের মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আবদুল লতিফ, গাজীপুর মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউল্যাহ ম-ল, বঙ্গবন্ধু পরিষদ গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আবদুল হাদী শামীম।
