বগুড়ায় ২ পিস্তল ৪ ম্যাগাজিনসহ একজন গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১২:৩৩ এএম

বগুড়ায় পুলিশ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ মো. ছামিউল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে জেলার শিবগঞ্জ মোকামতলার মুরাদপুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে পিংকি পরিবহন নামে বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বেলা ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।

গ্রেপ্তার ছামিউল মিয়ার বাড়ি লালমনিরহাটের আদিতমারী উপজেলার পশ্চিম দীঘলটারী গ্রামে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩টি গুলি উদ্ধার করা হয়। এগুলো তার দুই উরুতে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় জয় (২৩) নামে একজন পলাতক রয়েছে।

মোকামতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল জানান, ছামিউল অস্ত্রগুলো ঢাকায় পৌঁছানোর জন্য ১০ হাজার টাকা পেত বলে জানিয়েছে। তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত