মাস না পেরোতেই তালিবানের হাতে আটক ৫ সাংবাদিক

আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ০৪:৪১ পিএম

আফগানিস্তানে তালিবান সরকারের হাতে আটক ইরানি ফটোসাংবাদিক মোহাম্মাদ হোসেইন বেলায়েতির মুক্তির জন্য কূটনৈতিক উপায়কে বেছে নিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বেলায়েতি ইরানের বার্তা সংস্থা তাসনিমের ফটোসাংবাদিক। সম্প্রতি বৈধ কাগজপত্র নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে বিমানে করে কাবুলে যান এবং সেখানে ১০ দিন অবস্থান করেন। এরপর ইরানে ফিরে আসার জন্য বিমানে ওঠার কিছুক্ষণ আগে তাকে আটক করা হয়।

যদিও আফগান কর্তৃপক্ষ তাকে আটকের কোনও কারণ এখনও জানায়নি। এছাড়াও এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনও তথ্য মেলেনি।

গতকাল বুধবার তেহরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, বিষয়টি জানার পর পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে বেলায়েতিকে মুক্ত করার জন্য আফগান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং এ ব্যাপারে কঠোর চেষ্টা চালাচ্ছে।

ইরানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত হাসান কাজেমি-কোমিও বলেন, ইরানের কাবুল মিশন বিষয়টি নিয়ে কাজ করছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। আমি আফগান গোয়েন্দা সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দিয়েছেন।

মাস না পেরোতেই তালিবানের হাতে আটক ৫ সাংবাদিক

ফটোসাংবাদিক বেলায়েতিসহ আফগানিস্তানে চলতি মাসে আটক সাংবাদিকের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে। মিডিয়া ওয়াচডগ কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এক বিবৃতিতে সাংবাদিকদের হয়রানি বন্ধ করা ও আটকদের মুক্তির দাবি জানিয়েছে।

সিপিজের এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর বলেন, ইরানি ফটোসাংবাদিককে আটকের ঘটনা আফগানিস্তানে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সর্বশেষ আঘাত। তালিবান সরকারকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে বেলায়েতিকে মুক্তি দিতে হবে এবং ব্যাখ্যা করতে হবে কেন তাকে আটক করেছিল।

এছাড়াও সম্প্রতি দেশটির দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে নারীদের কন্ঠ সম্প্রচার নিষিদ্ধ করেছে তালিবান কর্তৃপক্ষ। সিপিজের এশিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেটর বলেন, হেলমান্দ প্রদেশে নারীদের বিরুদ্ধে সর্বশেষ বৈষম্যমূলক নীতি প্রমাণ করে যে দুই বছর ক্ষমতায় থাকার পরও তালিবানের দমন-পীড়ন কমেনি।

সূত্র: আরব নিউজ, পার্সটুডে

×
সর্বশেষ সর্বাধিক পঠিত