বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৩-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের আর্মি শুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয়। এতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং রংপুর সেনা শুটিং ক্লাব রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এ ছাড়াও বিশেষ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে সাভার সেনা শুটিং ক্লাবের ল্যান্স করপোরাল মো. আব্দুর রাজ্জাক সার্বিকভাবে শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হন। ১০ ও ৫০ মিটার রেঞ্জে ছয়টি ইভেন্টের ওপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর আটটি শুটিং ক্লাবের ১০১ জন সেনা শুটার অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতাটি গত ১৯ আগস্ট ২০২৩ তারিখে শুরু হয়। প্রধান অতিথি ছাড়াও সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ঢাকা সেনানিবাসের বিভিন্ন ইউনিটের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবির সৈনিকরাও উপস্থিত ছিলেন। আইএসপিআর
