চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৬:০৬ এএম

রাজধানীর খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের তিনতলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক চাকরিপ্রার্থী পরীক্ষার্থী। তার নাম তারেক মাহমুদ জুয়েল (২৯)। গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা একেবারে শেষের দিকে এবং পরীক্ষা খারাপ হওয়ায় তিনি এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

লাফিয়ে পড়ার পর আহত জুয়েলকে পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার বাড়ি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পিয়াজু গ্রামে। বাবার নাম মোজাম্মেল হক।

খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মীর নাসির উদ্দিন জানান, গতকাল তাদের স্কুলে বস্ত্র অধিদপ্তরে চাকরিপ্রার্থীদের পরীক্ষা ছিল। সকাল ১০টা ৫০ মিনিটে তিনি পরীক্ষা কক্ষ থেকে বের হয়ে তিনতলার বারান্দা থেকে লাফ দিয়ে নিচে পড়েন।

খিলগাঁও থানার এসআই নৃপেনদ্রনাথ বিশ্বাস বলেন, ‘স্কুল কর্র্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে আহত অবস্থায় ওই যুবককে (জুয়েল) উদ্ধার করে  ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তার বড় ধরনের কোনো ইনজুরি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।’

আহত জুয়েলের বড় ভাই সোলাইমান আলী জানান, গ্রামে কৃষিকাজ করেন জুয়েল। বস্ত্র অধিদপ্তরে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় এসেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত