পেকুয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৪:৫৬ পিএম

কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২৮ আগস্ট) সকাল ১০টায় পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টেকপাড়া এলাকায় মাতামুহুরী নদীর চর থেকে এক ব্যক্তির মরদেহ ও একই দিন সকালে টইটং ইউনিয়নের বাজার এলাকার নতুন পাড়া সড়ক থেকে আরেক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ।

জানা গেছে, সোমবার সকালে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া গ্রামের মাতামুহুরী নদীর চরে এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে ওই গ্রামের কয়েকজন লোক স্থানীয় ৮নং ওয়ার্ডের ইউপি সদস্যকে খবর দেন। ইউপি সদস্য মোহাম্মদ শরীফ বিষয়টি পেকুয়া থানা পুলিশেকে অবহিত করেন। পরে থানার পুলিশ টিম ঘটনাস্থলে এসে নদীর চর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পেকুয়া থানা পুলিশ জানায়, উজানটিয়ার নদীর চর থেকে একজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসার পর শনাক্ত করেছে তার পরিবার। মরদেহটি চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের মৃত ফজল করিমের ছেলে বৃদ্ধ গিয়াস উদ্দিনের (৬০)। গত ১০দিন আগে নিখোঁজ হন গিয়াস উদ্দিন। এ নিয়ে চকরিয়া থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। আজ সকালে মরদেহ পাওয়া গেছে পেকুয়ায়।

অপরদিকে উপজেলার টইটং ইউনিয়নের বাজার এলাকার নতুন পাড়া সড়ক থেকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। তবে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত করতে পারে নি পুলিশ।

এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার বলেন, সোমবার সকালে খবর পেয়ে পেকুয়া থানার দুইটি টিম পৃথক স্থান থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে। একজনের পরিচয় পাওয়া গেলেও অন্য ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি। মরহেদ দুইটির সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে দুই ব্যক্তির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত