শিক্ষার্থী অভিবাসনে দুর্নীতি, উদ্বিগ্ন কানাডার মন্ত্রী

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ১১:৪৬ পিএম

কানাডায় বিদেশি শিক্ষার্থীদের অভিবাসন প্রক্রিয়ায় দুর্নীতি হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির গৃহায়ন ও অভিবাসনমন্ত্রী মার্ক মিলার। এই দুর্নীতির মাধ্যমে কিছু ব্যক্তি ও গোষ্ঠী ব্যাপকভাবে লাভবান হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। গত রবিবার কানাডার টেলিভিশন চ্যানেল সিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তেমন সমস্যা নেই। তাদের শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া অনেক স্বচ্ছ। আমার উদ্বেগের কেন্দ্রে রয়েছে প্রতি বছর ব্যাঙের ছাতার মতো দেশের সর্বত্র গড়ে উঠতে থাকা বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো।’ যদিও কানাডার জাতীয় অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের ব্যাপক অবদান রয়েছে। এটি স্বীকার করে মন্ত্রী বলেন, ‘হ্যাঁ, এটা খুবই লোভনীয় একটি খাত এবং এখানে কিছু সমস্যা, কিছু দুর্নীতি-ধান্দাবাজি হচ্ছে। আজকাল অনেক বিদেশি শিক্ষার্থীর প্রবেশে কোনো নিয়ম মানা হচ্ছে না এবং পেছনের দরজা দিয়ে তাদের (শিক্ষার্থী) কানাডায় ঢোকানো হচ্ছে। ফলে এই ব্যবস্থার ফাঁকফোকর ব্যবহার করে, আইন ভেঙে কিছু ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ লুট করে যাচ্ছেন। আমাদের শিক্ষার্থী অভিবাসন ব্যবস্থা ও প্রক্রিয়ার সমন্বয় ও স্বচ্ছতা এখন আমার একটি বড় উদ্বেগের ব্যাপার।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত