চট্টগ্রাম বোর্ডে চ্যালেঞ্জ করে জিপিএ ৫ পেল ১৬২ জন

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৪:৫৫ এএম

এসএসসিতে প্রকাশিত ফলাফলকে চ্যালেঞ্জ করে নতুনভাবে জিপিএ ৫ পেয়েছে ১৬২ জন। শুধু এটাই নয় প্রকাশিত ফলাফলে ফেল করলেও চ্যালেঞ্জের মাধ্যমে পাস করেছে ১৩০ জন। ২৬ হাজার ৬৫৫ শিক্ষার্থী এবারের পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ফলে এই পরিবর্তন এসেছে।

এদিকে প্রকাশিত ফলে দেখা যায়, ৭১ হাজার ১০৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে হয়। এতে ১০৮০ জনের ফল পরিবর্তন হয়েছে। ১৩০ জন যেমন ফেল থেকে পাস করেছে, গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ ৫ পেয়েছে ১৬২ জন।

পুনর্নিরীক্ষণ ফলের বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ দেশ রূপান্তরকে বলেন, ‘সাধারণত প্রাপ্ত নম্বরের গণনায় কিংবা বৃত্ত ভরাটের ভুল বা কোনো উত্তর অবমূল্যায়িত থাকলে পুনর্নিরীক্ষণের সময় তা নিরীক্ষা করা হয়। এই প্রক্রিয়া ফলাফল প্রকাশের একটি চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় অনেকের নম্বর বেড়েছে।’

গত বছর এসএসসি পরীক্ষার ফলাফলকে চ্যালেঞ্জ করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ৬০৯ জনের ফলাফল পরিবর্তন হয়েছিল।

রাজশাহীতে ৫৮ জন পাস : এসএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করেছে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে ৩৫৯ জন শিক্ষার্থীর ৩৬৩টি বিষয়ে ফল পরিবর্তন হয়। গতকাল সোমবার দুপুরে বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এরপর বিভিন্ন স্কুলের ২৩ হাজার ৪৬৯ জন শিক্ষার্থী তাদের ৫৫ হাজার ৯৬২টি খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করে। যাচাই বাছাই শেষে সোমবার সংশোধিত ফল প্রকাশিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, পুনঃনিরীক্ষণে ৩৫৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে, ৫৮ জন ফেল করা শিক্ষার্থী পাস করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন। এদের মধ্যে, ফেল করা এক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত