দেশে ডেঙ্গুতে মৃত্যু কমছে না। দুই সপ্তাহ ধরে দৈনিক গড়ে ১০ জন করে মারা যাচ্ছে। এর মধ্যে গত সপ্তাহে মারা গেছে ৭৬ জন। অর্থাৎ দৈনিক গড় মৃত্যু ছিল ১১ জন। তার আগের সপ্তাহে মারা গেছে ৬৭ জন। সে সপ্তাহে দৈনিক গড় মৃত্যু ছিল ৯ জন। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে দৈনিক গড় মৃত্যু দুজন করে বেড়েছে। এই দুই সপ্তাহে মারা গেছে ১৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ৭ জন ও ঢাকার বাইরে ৬ জন মারা গেছে। এ নিয়ে এ পর্যন্ত মারা গেল ৫৬৯ জন। এর মধ্যে এ মাসেই মারা গেছে ৩১৮ জন, যা মৃত্যুর ৫৬ শতাংশ।
তাদের মধ্যে ঢাকায় ৪১৭ জন ও ঢাকার বাইরে ১৫২ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৯১ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৯২০ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৩৭১ জন। এ নিয়ে দেশে ভর্তি রোগী ১ লাখ ১৯ হাজার ১৩৩ জন।
বর্তমানে সারা দেশে ৮ হাজার ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৮৩৮ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ৩৮০ জন।
