দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) র্যাগিংয়ে জড়িত ছয় শিক্ষার্থীকে শিক্ষা কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তিন শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সাইফুর রহমান স্বাক্ষরিত চিঠি ওই ছয় শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের ছয় শিক্ষার্থীরকে বহিষ্কার ও তিন জনকে মৌখিক নোটিশ দেওয়া হয়েছে।
গত ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ২০২৩ শিক্ষাবর্ষের কয়েকজন নবাগত শিক্ষার্থীকে বিভিন্নভাবে ক্যাম্পাসে ও আবাসিক ছাত্রাবাস সংলগ্ন এলাকায় হয়রানি করা হয়। হয়রানির শিকার ওই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মামুনুর রশিদ বলেন, অভিযোগ প্রামাণিত হওয়ায় ওই শিক্ষার্থীদের বিষয়ে বিশ্ববিদ্যালয় নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
