ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। গফরগাঁও থানার এসআই হোসাইন বাদী হয়ে গত মঙ্গলবার রাতে এ মামলা করেন।
মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম, উপজেলা ছাত্রদল সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল রায়হান অপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি দিদারুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজ আল আসাদসহ ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া মামলায় ৪০/৫০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি সুলতানকে মঙ্গলবার রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের তেজপাতা মার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট সন্ধ্যায় তেজপাতা মার্কেট এলাকায় উচ্ছৃঙ্খল জনতা রাস্তায় ব্যারিকেড দিয়ে সরকারবিরোধী সেøাগান দিচ্ছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে।
