আদালতে মিছিল-সমাবেশ

নিষেধাজ্ঞার রায় মেনে চলার নির্দেশ আপিল বিভাগের

আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০১:৪৬ এএম

সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে আইনজীবীদের সমাবেশ-মিছিল নিষিদ্ধ করে হাইকোর্টের দেওয়া রায় কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। ১৮ বছর আগের হাইকোর্ট এই রায় দিয়েছিল।

সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ-সংক্রান্ত আবেদনের ওপর শুনানিকালে গতকাল বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়।

আগামী ১৯ অক্টোবর পর্যন্ত এ আদেশ অনুসরণ করতে নির্দেশ দিয়ে আদালত অবমাননার বিষয়ে আবেদনের ওপর ওই তারিখে শুনানির দিন ধার্য করে আপিল বিভাগ।

২০০৫ সালের ২৩ মে বিচারপতি মো. আব্দুল মতিন (পরে আপিল বিভাগের বিচারপতি হওয়ার পর এখন অবসরে) ও বিচারপতি এএফএম আব্দুর রহমানের (এখন অবসরে) হাইকোর্ট বেঞ্চ সংশ্লিষ্ট বিষয়ে স্বতঃপ্রণোদিত এক রায় দেয়। ওই রায়ে সুপ্রিম কোর্টসহ সব অধস্তন আদালতে বিচারকাজ ও আইনজীবীদের পেশাগত কাজ বিঘিœত হয়Ñ এমন সমাবেশ, পিকেটিং, মিছিল, ঘেরাওয়ের মতো কর্মসূচি নিষিদ্ধ করে। এই নিষেধাজ্ঞা অনুসরণে আইনজীবীদের নির্দেশনা দিতে বাংলাদেশ বার কাউন্সিল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে পদক্ষেপ নিতে আদেশ দেয় আদালত।

সম্প্রতি বিচারকদের ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ঘটনায় সাত আইনজীবীর বিরুদ্ধে গত সোমবার আদালত অবমাননার অভিযোগে আপিল বিভাগে একটি আবেদন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত