একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে আজ অভিষেক হয়েছে টাইগার ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারির। ১৪৩ তম ওডিআই ক্রিকেটার তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের অভিষেকে ম্যাচে খেলতে নেমেই নাম লেখালেন ইতিহাসের পাতায়।
ইনিংসের ৪৭তম ওভারের তৃতীয় বলে রান-আউটে মুশফিকুর রহিম ফিরে গেলে মাঠে নামেন শামীম। চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইকে দেন সাকিব। পঞ্চম বলে গুলাবদিন ডেলিভারি ছুড়তেই জায়গায় দাঁড়িয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে শামীম সোজা ছক্কা মারেন। আর সেই ছক্কাতেই ইতিহাসের অংশ হয়ে যান তিনি।
কারণ গুলাবদিনের সেই বলটাই ছিল শামীমের ওডিআই ক্যারিয়ারের প্রথম বল। আর প্রথম বলেই ছক্কা হাঁকানো মাত্র ষষ্ঠ ব্যাটসম্যান বাংলাদেশের হয়ে যুব বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার।
প্রথমবার এই কীর্তি ক্রিকেট বিশ্ব দেখেছিল ২০০৮ সালে। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার জোহান লুর অভিষেক হয়েছিল ২০০৮ সালে কেনিয়ার বিপক্ষে। ২ ম্যাচের সেই সিরিজে একাদশে থাকলেও ব্যাট করার সুযোগ পাননি। ঐ বছর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে গেলে প্রথম ওয়ানডেতেই ব্যাট হাতে নামার সুযোগ হয় তার। ক্যারিয়ারে প্রথম বলটি মোকাবেলা করেছিলেন সাকিব আল হাসানের। ৪৮তম ওভারের তৃতীয় ও চতুর্থ বলে ছয় মেরে ইতিহাস গড়েন তিনি। সেই ম্যাচে ৭ বলে ২৩ রান করে সৈয়দ রাসেলের বলে আউট হয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য ল্যুর, সিরিজের পরের ম্যাচটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।
ল্যুর ২ বছর পর কানাডিয়ান ক্রিকেটার জাওয়াদ দাউদ একই কীর্তি গড়েন। তারও অভিষেক হয়েছিল ২০০৮ সালে। তবে ব্যাট হাতে প্রথম নামেন ২০১০ সালে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে প্রথম বলেই সামীউল্লাহ শিনওয়ারিকে ছক্কা মেরে ইতিহাসের অংশ হয়ে যান। দুর্ভাগ্যটা তারও। সেই ম্যাচের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে।
তার ৬ বছর পর ২০১৬ সালে স্কটিশ ক্রিকেটার ক্রেগ ওয়ালেস। তিনিও ব্যাট হাতে নামার প্রথম ম্যাচেই ছক্কা মেরেছিলেন। পরের বছর জিম্বাবুয়েন ক্রিকেটার ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা মারেন জিম্বাবুয়েইন ক্রিকেটার রিচার্ড এনগারাভা। তারও চার বছর পর ২০২১ সালে অভিষেক হয় ভারতীয় ক্রিকেটার ইশান কিষানের। শ্রীলঙ্কার বিপক্ষে সেদিন কলম্বোয় অভিষেক হয়েছিল তার। ৫.৪ ওভারে ধনাঞ্জয়া ডি সিলভাকে ছক্কা মেরে ক্যারিয়ারের সূচনাটা করেছিলেন তিনি।
ইশানের ২ বছর পর আজ শামীম গড়লেন সেই কীর্তি। গুলাবদিন নাইবকে ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারে যাত্রা শুরু হলো শামীমের।
