বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপির উদ্দেশ্য হচ্ছে সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা, ধূলিসাৎ করা। ২০১৪ সালে তারা সেই অপচেষ্টা করেছিল, ২০১৮ সালে নির্বাচনে গিয়েও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে। এখন সেই অপচেষ্টা চালালে দেশের জনগণ তাদের প্রতিহত করবে।’
গতকাল রবিবার দুপুরে সচিবালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
‘যেদিন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সেদিনই হবে এ সরকারের অন্তিম যাত্রা’ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এ বক্তব্য নিয়ে প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল বা নির্বাচনের তারিখ ঘোষণা স্বাধীন নির্বাচন কমিশনের এখতিয়ার। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সে অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুত আছি।’ তিনি আরও বলেন, ‘বিএনপি নেতারা নির্বাচন বর্জন করতে পারেন, যেকোনো রাজনৈতিক দলের নির্বাচন বর্জনের বা নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে। আমি যেটি মনে করি, বিএনপি যদি একটি দায়িত্বশীল দল হয় তাহলে অবশ্যই তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। কারণ গণতন্ত্রকে সংহত করা শুধু সরকারি দলের দায়িত্ব নয়।’
