মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান আবদুস সামাদকে দায়িত্ব থেকে সরিয়ে জাতীয় সংসদ সচিবালয়ে বদলি করা হয়েছে। তবে স্পারসোর নতুন চেয়ারম্যান হিসেবে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের চন্দ্র বিজয়ের পটভূমিতে বিশেষায়িত প্রতিষ্ঠান স্পারসোর ব্যর্থতা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। ভারতের মহাকাশ গবেষণাকেন্দ্র ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ হচ্ছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। অন্যদিকে বাংলাদেশের স্পারসোর চেয়ারম্যান আবদুস সামাদের পড়াশোনা কৃষিতে। প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তাকে একটি বিশেষায়িত প্রতিষ্ঠানের চেয়ারম্যান করায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্পারসোর বর্তমান চেয়ারম্যানের দক্ষতা ও যোগ্যতা নিয়ে কারও প্রশ্ন নেই। কিন্তু তিনি যে সংস্থার নেতৃত্ব দিচ্ছেন, সেই বিষয়ে তিনি দক্ষ কি না, প্রশ্ন উঠেছে সেটি নিয়ে। বিশেষায়িত প্রতিষ্ঠানে শীর্ষপদে সংশ্লিষ্ট বিষয়ে জানাশোনা কর্মকর্তাকে নিয়োগ দিতে হলে রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলে মনে করেন তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে আবদুস সামাদকে সংসদ সচিবালয়ে বদলি করা হলো।
